জহিরুল হক রাসেল, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে আগামী ১৮ জুন রোজ রবিবার সারা দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে কুমিল্লা সিটি কর্পোরেশনের ১০৫টি কেন্দ্রে ৫৫ হাজার ১৯১ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। প্রতিটি টিকাদান কেন্দ্রে ২জন স্বেচ্ছাসেবক ও প্রতিটি ওয়ার্ডে ২জন সুপারভাইজার দায়িত্বরত থাকবেন। ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে আজ বুধবার (১৪ জুন) মঙ্গলবার বিকাল ৩টায় নগর ভবনের অতিন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের প্রেস বিফ্রিংয়ে উক্ত তথ্য জানান কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) ড. সফিকুল ইসলাম, মেডিক্যাল অফিসার ডা. চন্দ্রনা রাণী দেবনাথ, মেডিক্যাল টেকনোলজিস্ট (ইপিআই) মো. জহিরুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র হাবিবুর আল-আমিন সাদী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবু সায়েম ভূঁইয়া, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশিদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ১৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হবে সকাল ৮ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ১০৫ টি টিকাদান কেন্দ্রে ০৬-১১ মাস বয়সী ৭ হাজার ৮২৫ জন শিশুকে নীল ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ৪৭ হাজার ৩৬৬ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে। টিকাদান কেন্দ্রে সহযোগি সংস্থায় থাকবেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রজেক্ট, সূর্যের হাসি ক্লিনিক, রোটারি ক্লাব, এপেক্স ক্লাব অব কুমিল্লা সিটি, বিডি ক্লিন কুমিল্লা।
জেরোফথ্যালমিয়া (রাতকানা ও বিটট্স স্পট), দীর্ঘমেয়াদি ডায়রিয়া, হাম ও মারাত্মক অপুষ্টিতে আক্রান্ত শিশুকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের অনুরোধ জানিয়েছেন তাঁরা। কোনো শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পর কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে কুমিল্লা সদর হাসপাতাল ও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ প্রদান করা হয়।