মোঃ লুৎফর রহমান , মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর থানাধীন ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়ানো একটি ট্রাককে সজোরে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন আহত হয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর ) সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিটের দিকে আকিজ টেক্সটাইল মিলস লিমিটেডের সামনে এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে ঢাকামুখী একটি বাস (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো ব-১১-৩০৩১) একটি পোশাক কারখানার কর্মীদের ভাড়া করা বাহন হিসেবে গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছিল। বাসটি মানিকগঞ্জ সদর থানাধীন আকিজ টেক্সটাইলের সামনে পৌঁছালে হঠাৎ এর সামনের চাকা ব্রাস্ট (বিস্ফোরিত) হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি একটি ভ্যানগাড়িকে ধাক্কা দিয়ে সামনে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।
এই আকস্মিক দুর্ঘটনায় বাসের ও ভ্যানের মোট আটজন যাত্রী ও চালক আহত হন। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি ৫ জন সাধারণ আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মাতুব্বার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনা কবলিত বাসটিকে আটক করা হয়েছে, তবে ঘটনার পর থেকেই বাসচালক পলাতক রয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ক্ষতিগ্রস্ত ভ্যানচালক বা যাত্রীদের পক্ষ থেকে লিখিত আবেদন পাওয়া গেলে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।