"বেহালার সুর এখন আর বাজে না"

নিজস্ব প্রতিবেদক : রবিবার , ১৩ July ২০২৫

তোমাকে আবার সেই আগের মতো যদি পেতাম!

লাজুক লাজুক জড়তা মাখানো চাহনি

নজরুলের সৃষ্ট আধো আধো সুরে কাছে ডাকা

তাও যদি না হতো--

হাতের কাছে থাকা কিছু একটায় শব্দ  তরঙ্গের সৃষ্টি করে আমার দৃষ্টিকে হরণ করা।

 

আহা! আজ কত যে মনে পড়ে সেই দিনগুলোর কথা

রঙিন প্যাডে হলুদখামে ছন্দে-আনন্দে ভরপুর প্রেমোকথন, যা বারবার পড়েও পুরান হতো না 

যতক্ষণ নতুন চিঠি আবার হাতে না পৌঁছাতো।

 

আজ দু'জনেরই সাদা চুল উঁকি দিচ্ছে

তবুও অতীতকে যখন মনে পড়ে তখন বর্ষার অরণ্যের মতোই তারুণ্যে ভরে যায় মনের আঙিনা।

 

---- যদি এমন হতো তুমি আমি দু'জনে দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গীতের শিক্ষার্থী হতাম আর বিভিন্ন সময়ে সেমিনার হলে দেখা হতো চুটিয়ে গল্প করতাম 

ফাঁকে ফাঁকে চলতো ফুচকা, চটপটি, বাদাম 

তবে কেমন হতো বলতো?

 

জানি, সময় কখনো ফিরে পাওয়া যাবে না

দিন অনেক গড়িয়েছে, 

এখন সকাল-সন্ধ্যা আদা চা' 

দুপুরে চিকন চালের নরম ভাতের সাথে আম ডাল,

কিংবা সাজনার ঝোল, ছোট মাছের চচ্চড়ি, 

রাতে সব্জি আর একটা পাতলা রুটি।

তারপর বিছানায় গা এলিয়ে বেহালার সুরে নয়, সাংসারিক কথোপকথনে ঘুমের রাজ্যে নিথর হওয়া।

এই তো জীবন!

কাউছার আক্তার পান্না


আর্কাইভ