ন্যূনতম খরচ ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা ধরে হজের একটি নতুন প্যাকেজ ঘোষণা করেছে সরকার। বিমানভাড়া কমায় আগামী বছর হজ পালনে চলতি বছরের চেয়ে খরচ কিছুটা কমছে।
নতুন প্যাকেজসহ এবার সরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। গত বছর ছিল দুটি প্যাকেজ।
রোববার (২৮ সেপ্টেম্বর) হজ প্যাকেজ-২০২৬ ঘোষণা সংক্রান্ত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা করেন।
২০২৫ সালে হজে সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ এর মাধ্যমে খরচ হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। প্যাকেজ-২ এর মাধ্যমে হজ পালনে খরচ হয় ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। বেসরকারিভাবে হজ পালনে সর্বনিম্ন খরচ নির্ধারণ করে দেওয়া হয়েছিল ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা। এর ভিত্তিতে প্যাকেজ নির্ধারণ করেছে হজ এজেন্সিগুলো।
চলতি বছরের মতো আগামী বছরও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের জন্য একটি প্যাকেজ নির্ধারণ করে দেওয়া হয়েছে। হজ এজেন্সিগুলো এর নিচে কোনো প্যাকেজ ঘোষণা করতে পারবে না।
এদিন সংবাদ সম্মেলনের আগে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভা হয়েছে। কমিটির সভাপতি ধর্মবিষয়ক উপদেষ্টা। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার শীর্ষ কর্মকর্তারা এ কমিটিতে সদস্য হিসেবে অংশ নেন। সভায় হজ প্যাকেজ অনুমোদন করে পরে ঘোষণা দেয় ধর্ম মন্ত্রণালয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর বিমানভাড়া কমানো হয়েছে। তবে ২০২৬ সালের হজে সৌদি সরকার স্বাস্থ্যবিমার পরিমাণ বৃদ্ধি করেছে ১৩০ সৌদি রিয়াল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার ২৭০ টাকা।
মিনা ও আরাফায় তাঁবু ভাড়া ৪ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নুসুক মাসার প্ল্যাটফর্মে ‘দমে শোকর’ বাবদ ৭২০ সৌদি রিয়াল তথা ২৩ হাজার ৬৫২ টাকা জমাদান বাধ্যতামূলক করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর সৌদি রিয়ালের বিনিময় হারও বেড়েছে। গত বছর সৌদি রিয়াল ছিল ৩২ টাকা ৫০ পয়সা, এ বছর সেটা বেড়ে দাঁড়িয়েছে ৩২ টাকা ৮৫ পয়সা। এসব বিবেচনায় নিয়ে ২০২৬ সালের প্যাকেজ দেওয়া হয়েছে।
এ বছর সরকারি মাধ্যমে ‘হজ প্যাকেজ-১ (বিশেষ)’, ‘হজ প্যাকেজ-২’ ও ‘হজ প্যাকেজ-৩’ শিরোনামে তিনটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে।