মোংলা বাগেরহাট প্রতিনিধিঃ
মোংলায় অপহরণের শিকার লিমা খাতুন নামের এক নারীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় সাগর মোল্লা নামের একজনকে আটক করা হয়।
১১ জানুয়ারি রবিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি বলেন, গত ২০ ডিসেম্বর শনিবার সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে আসা মোছাঃ লিমা খাতুন (১৮) নামে এক নারীকে কৌশলে খুলনার দাকোপ থানাধীন বানিশান্তা এলাকায় অপহরণ করা হয়। ভুক্তভোগী নারী দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় তাঁর স্বামী সোনাডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।
পরবর্তীতে গত ১০ জানুয়ারি শনিবার সন্ধ্যা ৬টায় ভুক্তভোগীর স্বামী বাণিশান্তা এলাকায় গিয়ে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় স্ত্রীকে উদ্ধার করে নিয়ে আসার চেষ্টা করেন। এ সময় সাগর মোল্লা (২৫) নামক অপহরণকারী তাদেরকে অনুসরণ করে মোংলা বাসস্ট্যান্ড এলাকায় উপস্থিত হয়ে ভুক্তভোগীর ভাই পরিচয়ে পুনরায় তাকে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি কোস্ট গার্ড অবগত হলে কোস্ট গার্ড বেইস মোংলা হতে একটি উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়। এসময় আভিযানিক দল অপহৃত নারীকে উদ্ধার করার পাশাপাশি অপহরণকারীকে আটক করতে সক্ষম হয়।