বাংলাদেশ–ভারত বন্দি বিনিময়, ১২৮ বাংলাদেশি জেলে ফিরলেন পরিবারে

নিজস্ব প্রতিবেদক : শুক্রবার , ৩০ জানুয়ারী ২০২৬

কামরুজ্জামান জসিম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধিঃ  বাংলাদেশ ও ভারতের কোস্ট গার্ডের তত্ত্বাবধানে দুই দেশের আটককৃত জেলেদের বন্দি বিনিময় সফলভাবে সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে দীর্ঘদিন আটক থাকা ১২৮ জন বাংলাদেশি জেলে পরিবারের কাছে ফিরে গেছেন।

 

শুক্রবার ৩০ জানুয়ারি বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, বাংলাদেশ–ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা সংলগ্ন এলাকায় অবৈধভাবে মৎস্য আহরণের অভিযোগে বাংলাদেশ নৌবাহিনী গত ১৮ ও ২৩ অক্টোবর ২০২৫ তারিখে ২টি ভারতীয় ফিশিং বোটসহ ২৩ জন ভারতীয় জেলেকে আটক করে। অপরদিকে, ভারতীয় জলসীমায় মাছ ধরার অভিযোগে ভারতীয় কোস্ট গার্ড গত ১৬, ১৭, ১৯ ও ৩০ নভেম্বর ২০২৫ তারিখে ৫টি বাংলাদেশি ফিশিং বোটসহ ১২৮ জন বাংলাদেশি জেলেকে আটক করে।

 

পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে আটককৃত জেলেদের বন্দি বিনিময়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

এই সিদ্ধান্ত অনুযায়ী গত ২৯ জানুয়ারি ২০২৬ তারিখ বাংলাদেশ কোস্ট গার্ডের তত্ত্বাবধানে বাংলাদেশ–ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন (IMBL) এলাকায় বাংলাদেশে আটক থাকা ২৩ জন ভারতীয় জেলেকে ২টি ফিশিং বোটসহ ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়। একই সময়ে ভারতে আটক থাকা ১২৮ জন বাংলাদেশি জেলে ও ৫টি ফিশিং বোট বাংলাদেশ কোস্ট গার্ড গ্রহণ করে।

 

এরপর শুক্রবার ৩০ জানুয়ারি বিকেলে কোস্ট গার্ড বেইস মোংলায় বাংলাদেশি জেলেদের তাদের ফিশিং বোটসহ আনুষ্ঠানিকভাবে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘদিন পর স্বজনদের ফিরে পেয়ে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।


আর্কাইভ