সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ মাদারীপুরের মুখমণ্ডল বিকৃত অবস্থায় উদ্ধার হওয়া এক ব্যক্তির লাশের ঘটনায় রহস্য উদঘাটন ও ঘটনার সাথে জড়িত একজনকে করেছে জেলা পুলিশ। আজ ৩ মার্চ দুপুরে
মাদারীপুর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার এহতেশামুল হক।
পুলিশ সুপার এহতেশামুল হক জানান, ঘটনা শুরুতে এটি ছিল সম্পূর্ণ ক্লুলেস হত্যাকাণ্ড। লাশের পরিচয় ছিল অজানা, মুখমণ্ডলের চামড়া তুলে ফেলা হয়েছিল, ঘটনাস্থলে ছিল না কোনো সুস্পষ্ট আলামত। গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মাদারীপুর সদর উপজেলার দুধখালি ইউনিয়নের দুর্গাবরদী গ্রামের জয়নাল বেপারীর বাড়ির পাশের ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পরিচয় গোপন করতে মুখমণ্ডল বিকৃত করায় প্রথমদিকে তদন্তে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ে পুলিশ। তবে তথ্যপ্রযুক্তির সহায়তা, মাঠপর্যায়ের গোয়েন্দা তৎপরতা এবং বিভিন্ন সূত্র বিশ্লেষণের মাধ্যমে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। তিনি মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ বিরাঙ্গল এলাকার বাসিন্দা সিরাজ সরদার (৫৬)। এ ঘটনায় গত ২৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মাদারীপুর সদর থানায় ৩০২/২০১/৩৪ ধারায় হত্যা মামলা দায়ের করা হয়। তদন্তের মাধ্যমে জড়িত থাকার অভিযোগে মোঃ বিলাল হোসেন সরদার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার সঙ্গে আরও তিনজন জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ সুপার বলেন, “ঘটনাটি ছিল সম্পূর্ণ ক্লুলেস। তদন্ত ও প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অল্প দিনেই আমরা হত্যার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছি।” অন্যান্য জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।