আগামী নভেম্বরে হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন। এর আগে তলানিতে ঠেকেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা। ইরান যুদ্ধ ও এর প্রভাব বিবেচনায় প্রতি চারজনের একজন মার্কিন নাগরিক মনে করছেন, ট্রাম্পের বাধানো যুদ্ধটি একেবারে অযৌক্তিক ছিল।
বার্তা সংস্থা রয়টার্স ও বাজার গবেষণা প্রতিষ্ঠান ইপসোসের যৌথ জরিপে এমন তথ্য উঠে এসেছে। এতে অংশ নেওয়া অধিকাংশ ব্যক্তির আশঙ্কা তেহরানের সঙ্গে বর্তমান যুদ্ধবিরতি হয়তো দীর্ঘস্থায়ী হবে না।
পাঁচদিন ধরে চলা এই জরিপ শেষ হয় গত সোমবার। ফলাফলে দেখা গেছে, ইরান যুদ্ধ ট্রাম্পের জনপ্রিয়তায় বড় ধরনের ধস নেমেছে। তাঁর প্রতি জনগণের সমর্থনের হার (অ্যাপ্রুভাল রেটিং) কমে এখন ৩৪ শতাংশে নেমেছে। যা রিপাবলিকান এই প্রেসিডেন্টের দ্বিতীয় মেয়াদে সর্বনিম্ন। গত এপ্রিলের এক জরিপেও তাঁর জনপ্রিয়তা তলানিতে ঠেকেছিল।
জরিপের তথ্য অনুযায়ী, ২৩ শতাংশ মার্কিন নাগরিক এখনো মনে করেন যুক্তরাষ্ট্র ইরানের তুলনায় শক্তিশালী অবস্থানে আছে। এই সংখ্যক উত্তরদাতাদের মধ্যে প্রায় অর্ধেক রিপাবলিকান সমর্থক। বিপরীতে, প্রায় ৩৫ শতাংশ উত্তরদাতা মনে করেন মার্কিন অবস্থান আগের চেয়ে আরও দুর্বল হয়েছে।
মধ্যপ্রাচ্যের সংঘাত অবসানে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন। প্রাথমিক এই চুক্তির পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। তবে বেশিরভাগ মার্কিন নাগরিককে এখনো চড়া মূল্যে পেট্রল কিনতে হচ্ছে।