জহিরুল হক রাসেল, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা নগরীর কাটাবি এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে স্কুলছাত্র ইথান আহমেদ প্রেম গুলিবিদ্ধ হওয়ার ঘটনার মূল হোতা মাদক কারবারি ও শীর্ষ সন্ত্রাসী আবু হানিফ অপুকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (১ জুলাই) ভোরে লহ্মীপুর জেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অপু নগরীর কাটাবিল এলাকার শাহজাহান মিয়ার পুত্র।
অপুর বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৫টি মামলা রয়েছে। বুধবার বিকালে ডিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ এসব তথ্য জানায়।
পরে তার স্বীকারোক্তি অনুযায়ী কুমিল্লার সদর উপজেলার জগন্নাথপুর এলাকা থেকে গুলির ঘটনায় ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ৬ রাউন্ড তাজা বুলেট উদ্ধার করেছে পুলিশ।
ডিবি পুলিশ জানায়, গত ২৪ জুন রাতে নগরীর কাটাবিল এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে নগরীর শীর্ষ মাদক কারবারি ও সন্ত্রাসি 'অপু গ্রুপ' ও 'সাব্বির গ্রুপ'-এর মধ্যে উত্তেজনা শুরু হয়। এরই জের ধরে পরদিন দুপুরে দুই পক্ষের মধ্যে সশস্ত্র সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এ সময় রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ টিফিনের বিরতিতে বাসায় আসার পথে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।
এ ঘটনার পর গুলিবিদ্ধি স্কুল ছাত্র ইথানের বাবা ইউনুস মিয়া বাদী হয়ে অপু - সাব্বিরসহ জড়িত ৬ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।
গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশ কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এরই মধ্যে ঘটনার সাথে জড়িত জামসেদ হোসেন শ্রাবণ (২২) কে একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ এবং আসিফ (২৬), আশিক (৩৫) ও ইমন (১৯)কে গ্রেপ্তার করে। এরা বর্তমানে কারাগারে আছেন।
এদিকে ডিবির একটি সুত্র জানায়, প্রকাশ্যে গুলি চালিয়ে অপু সিন্ডিকেটের দলনেতা আবু হানিফ ওরফে অপু সুকৌশলে পালিয়ে বেড়াচ্ছিল। ঘটনার পর থেকে সে কুমিল্লার বাইরে প্রতিদিন অবস্থান পরিবর্তন করতো। তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার ভোরে তাকে লহ্মীপুর থেকে গ্রেপ্তার করা হয়। কুমিল্লাায় এনে জিজ্ঞাসাবাদের পর ঘটনার দিন ব্যবহার করা অস্ত্রের সন্ধান দেয় অপু।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার কে বলেন, শীর্ষ সন্ত্রাসী অপুর বিরুদ্ধে অস্ত্র উদ্ধারের ঘটনায় পৃথক আরও একটি নতুন নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বিকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।