শাহীন গোলদার,সাতক্ষীরা: সাতক্ষীরার বেসরকারি ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এ সময় নারী ও শিশুসহ কয়েজন আহত হয়েছেন।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে, হাসপাতাল জুড়ে প্রচুর ধোঁয়া রয়েছে। আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে।
সাতক্ষীরা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে এলেও হাসপাতাল জুড়ে এখনো ঘন ধোঁয়া রয়েছে। উদ্ধার অভিযান ও পরিস্থিতি স্বাভাবিক করার কাজ চলছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি তারা।
অগ্নিকাণ্ডের ঘটনায় আহত রোগী ও তাদের স্বজনদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, ঘটনার সময় সাতক্ষীরা-খুলনা মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। আহতদের হাসপাতালে নিতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের দীর্ঘ সারি দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ,বিজিবির সদস্যরা ও ট্রাফিক বিভাগের সদস্যরা কাজ করেন।
খবর পেয়ে জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমানসহ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।