বিএসটিআই লোগো জালিয়াতি ও 'মিলভিটা'র নাম অনুকরণ: সাটুরিয়ায় আইসক্রিম কারখানাকে ১ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার , ০৪ আগষ্ট ২০২৬

প্রতিনিধি, মানিকগঞ্জ : মানিকগঞ্জের সাটুরিয়ায় বাংলাদেশ মান নিয়ন্ত্রণ ও পরীক্ষা সংস্থার (বিএসটিআই) অনুমোদন ছাড়াই মোড়কে বিএসটিআইয়ের লোগো ব্যবহার এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘মিলভিটার নাম অনুকরণ করে ‘মিল্ক মিটা’ নামে আইসক্রিম বাজারজাত করার দায়ে একটি কারখানা মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর মানিকগঞ্জের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

 

​আজ মঙ্গলবার (০৪ আগস্ট) দুপুরের দিকে উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত নিয়মিত বাজার তদারকি অভিযানের অংশ হিসেবে মানিকগঞ্জের সাটুরিয়া হাসপাতাল রোডে অবস্থিত আইসক্রিম ফ্যাক্টরিতে এ অভিযান চালানো হয়।

 

​অভিযানসূত্রে জানা যায়, সাটুরিয়ার ওই আইসক্রিম কারখানায় দীর্ঘদিন ধরে বিএসটিআইয়ের কোনো রূপ অনুমোদন ছাড়াই পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআইয়ের লোগো ছাপিয়ে বিক্রি করা হচ্ছিল। একই সঙ্গে সাধারণ ভোক্তাদের বিভ্রান্ত করতে সুপরিচিত ব্র্যান্ড ‘মিলভিটা’র নামের সঙ্গে মিল রেখে ‘মিল্ক মিটা’ নামে আইসক্রিম মোড়কজাত ও বাজারজাত করে আসছিল কারখানা কর্তৃপক্ষ।

​অভিযানকালে প্রতারণামূলক এসব অনিয়মের হাতেনাতে প্রমাণ পাওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৪ ধারায় কারখানাটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

 

​অভিযান শেষে কারখানার মালিক সিরাজুল ইসলামকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার কঠোর নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে সাধারণ ভোক্তাদের সচেতন হয়ে অনুমোদিত ও মানসম্মত পণ্য কেনার আহ্বান জানানো হয়।

 

​এ বিষয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া লোগো ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। প্রতিষ্ঠিত কোনো ব্র্যান্ডের নাম বা লোগো অনুকরণ করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করার কোনো সুযোগ নেই। অপরাধ বিচারে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

​তিনি আরও জানান, আগামী এক মাসের মধ্যে বিএসটিআইয়ের প্রয়োজনীয় অনুমোদন নিশ্চিত করতে না পারলে প্রতিষ্ঠানটি সম্পূর্ণ সিলগালা করে দেওয়া হবে। জনস্বার্থ ও ভোক্তাস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


আর্কাইভ