হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), ঢাকা কলেজসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। এসব ঘটনায় ছাত্রশিবির, ছাত্রদল, ছাত্রশক্তি ও ছাত্রফ্রন্টের কর্মীদের সম্পৃক্ততার খবর প্রকাশিত হয়েছে।
এ ধরনের সংঘর্ষ শিক্ষার স্বাভাবিক পরিবেশকে ব্যাহত করে এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ভয় ও অনিরাপত্তার অনুভূতি সৃষ্টি করে। শিক্ষা প্রতিষ্ঠান হওয়া উচিত মুক্তচিন্তা, মতপ্রকাশ এবং জ্ঞানচর্চার নিরাপদ ক্ষেত্র, যেখানে কোনো শিক্ষার্থী সহিংসতা বা আতঙ্কের মধ্যে পড়াশোনা করতে বাধ্য হবে না।
আমরা স্মরণ করিয়ে দিতে চাই যে, অতীতের ফ্যাসিবাদী শাসনামলে ক্যাম্পাসে সহিংসতা, দখলদারিত্ব ও ভীতিকর পরিবেশের কারণে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের আস্থা হারিয়েছিল। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বর্তমানের সকল ছাত্র সংগঠনের প্রতি আমাদের আহ্বান, তারা যেন সংযম, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিচয় দিয়ে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করে এবং ক্যাম্পাসে অবাধ ও নিরাপদ শিক্ষার পরিবেশ বজায় রাখতে আন্তরিক ভূমিকা পালন করে।
একই সঙ্গে আমরা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও কলেজ প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের প্রতি আমরা আহ্বান জানাই, তারা যেন সকল পক্ষের নিরাপত্তা নিশ্চিত করে আইনানুগ ও নিরপেক্ষ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখেন।