রোইং ফেডারেশনের নবগঠিত এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানীর ফারস হোটেল অ্যান্ড রিসোর্টে ফেডারেশনের সভাপতি এম শোয়েব চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শরফুদ্দিন আলীর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় দেশের রোইং ক্রীড়ার উন্নয়ন, প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণ ও পদক অর্জনের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রোইংকে আন্তর্জাতিক পর্যায়ে আরও এগিয়ে নিতে দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেয়া হয়।
ফেডারেশনের সভাপতি এম শোয়েব চৌধুরী বলেন, ‘বাংলাদেশ রোইং ফেডারেশনকে একটি মডেল ফেডারেশনে রূপান্তর করব। আমি আমার সর্বোচ্চ সামর্থ্য ও নিষ্ঠা দিয়ে রোইং ফেডারেশনকে বিশ্ব দরবারে পরিচিত করব। দ্রুততম সময়ের মধ্যে বিদেশের মাটি থেকে বাংলাদেশের জন্য পদক আনার পথ তৈরি করতে চাই। এ লক্ষ্য অর্জনে খেলোয়াড়দের প্রশিক্ষণ, আধুনিক সরঞ্জাম সংগ্রহ এবং আন্তর্জাতিক মানের অবকাঠামো গড়ে তোলার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে।’
তিনি আরও বলেন, রোইংয়ের উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেয়া হবে। প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে নিয়মিত প্রশিক্ষণের আওতায় আনা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত করতে কার্যকর পরিকল্পনা গ্রহণ করা হবে।
সভায় ফেডারেশনের তিনটি প্রধান ইভেন্ট—ইনডোর রোইং, রোইং বোট এবং ড্রাগন বোট/ট্রাডিশনাল বোট—নিয়ে বিস্তারিত আলোচনা হয়। খেলোয়াড়দের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম সংগ্রহের বিষয়টিও গুরুত্ব পায়।
সভায় ইনডোর রোইংয়ের জন্য ৬টি আর্গোমিটার, ৬টি ড্রাগন বোট, ৬টি সিঙ্গেল স্কাল এবং ৬টি ডাবল স্কাল রোইং বোট সংগ্রহের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। এসব সরঞ্জাম সংগ্রহ করা গেলে নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় দলের খেলোয়াড়দের দক্ষতা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে ভালো ফলাফল অর্জন সম্ভব বলে সভায় মত দেয়া হয়।
এছাড়া ঢাকার গুলশান লেক ও উত্তরা লেককে স্থায়ী প্রশিক্ষণ ভেন্যু হিসেবে ব্যবহারের উদ্যোগ গ্রহণের বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি জাতীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় বাছাই, প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন, কোচদের প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়।
সভায় ফেডারেশনের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার পাশাপাশি দেশের রোইং ক্রীড়াকে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভায় উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলম, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের চিকিৎসক ডা. ফকির মোহাম্মদ আব্দুল আজিজ রাজু, সাবেক জাতীয় খেলোয়াড় শেখ জাহাঙ্গীরসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।
নবগঠিত এডহক কমিটির সদস্যরা দেশের রোইং ক্রীড়ার উন্নয়ন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচিতি বৃদ্ধি এবং দ্রুত পদক অর্জনের লক্ষ্যে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।