গোল্ডেন জিপিএ পেয়ে প্রান্তিকা ভবিষ্যতে সমাজের জন্য কাজ করতে চান

নিজস্ব প্রতিবেদক : রবিবার , ২৩ আগষ্ট ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে 

এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়ে আনন্দিত প্রান্তিকা সাহা প্রথা। ভালো ফলাফলের পাশাপাশি সংগীত পরিবেশন করেও বিভিন্ন সময় সুনাম অর্জন করেছেন তিনি। সংগীতের জন্য পেয়েছেন একাধিক পুরস্কারও।

প্রান্তিকা সাহা প্রথা জানান, ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে বড় হয়ে সমাজের জন্য ভালো কিছু করতে চান। মানুষের পাশে দাঁড়ানো এবং দেশের জন্য কাজ করাই তার অন্যতম স্বপ্ন।

প্রান্তিকার বাবা পলাশ সাহা ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। মা শুক্লা সাহা আখাউড়া পৌরসভায় কর্মরত। বাবা-মা দুজনই চাকরির কারণে ব্যস্ত থাকলেও মেয়ের পড়াশোনা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সবসময় উৎসাহ ও সহযোগিতা করেছেন।

পড়াশোনার পাশাপাশি সংগীতচর্চা চালিয়ে যাওয়া প্রান্তিকা সাহার এই সাফল্যে পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। তার ভবিষ্যৎ সাফল্যের জন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন পরিবারের সদস্যরা।

 

বাবা পলাশ সাহা বলেন:

“চাকরির সুবাদে আমাকে সবসময় ঢাকায় থাকতে হয়। ফলে মেয়ের পড়াশোনায় সরাসরি সময় দিতে পারিনি। তারপরও আমার মেয়ে নিজের চেষ্টা ও মনোযোগ দিয়ে এত ভালো ফলাফল করেছে, এজন্য আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। প্রান্তিকার জন্য সবাই দোয়া ও আশীর্বাদ করবেন, যেন ভবিষ্যতে সে আরও ভালো ফলাফল করে এবং মানুষের মতো মানুষ হয়ে সমাজ ও দেশের জন্য কিছু করতে পারে।”

মা শুক্লা রায় বলেন:

“ছোটবেলা থেকেই চাকরির ব্যস্ততার ফাঁকে মেয়েকে পড়াশোনার বিষয়ে যতটুকু সময় ও পরামর্শ দিতে পেরেছি, সে অত্যন্ত মনোযোগ দিয়ে আমার পরামর্শ মেনে চলেছে। প্রান্তিকার ইচ্ছা ছিল এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করে আমাদের জন্য সর্বোচ্চ উপহার নিয়ে আসবে। আজ তার সেই স্বপ্ন পূরণ হয়েছে।

মেয়ের এই সাফল্যের পেছনে তার শিক্ষকদের অবদান অনেক। তাদের আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য আমি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই প্রান্তিকার জন্য দোয়া ও আশীর্বাদ করবেন, যেন ভবিষ্যতে সে আরও ভালো ফলাফল অর্জন করে আমাদের গর্বিত করতে পারে এবং বড় হয়ে সমাজের জন্য ভালো কিছু করতে পারে।”


আর্কাইভ