আদমজী ক্যান্টনমেন্ট কলেজে পাসের হার ৯৭.৫৬ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : শনিবার , ৩১ অক্টোবর ২০২৬

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর আনন্দ-উল্লাসে মেতে ওঠেন ঐতিহ্যবাহী আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা। শনিবার (৩১ অক্টোবর) ফল প্রকাশের পর অনেক শিক্ষার্থী অনলাইনে নিজেদের ফলাফল জানলেও সহপাঠীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ছুটে আসেন প্রিয় কলেজ ক্যাম্পাসে। এ সময় প্রিয় শিক্ষকদের সঙ্গে দেখা করে ফলাফল জানান এবং তাদের দোয়া নেন শিক্ষার্থীরা।

এবার আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ২ হাজার ৩৭৭ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৩১৯ জন। কলেজটিতে পাসের হার ৯৭ দশমিক ৫৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৮৬৩ জন শিক্ষার্থী।

বিভাগভিত্তিক ফলাফলে দেখা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে ১ হাজার ৮৮৬ জন শিক্ষার্থী পাস করেছেন। এ বিভাগে অকৃতকার্য হয়েছেন ৪৭ জন। জিপিএ-৫ পেয়েছেন ৭৩১ জন।

ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৪০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এ বিভাগে ফেল করেছেন চারজন এবং জিপিএ-৫ পেয়েছেন ১১১ জন। অন্যদিকে মানবিক বিভাগ থেকে ৯৩ জন শিক্ষার্থী পাস করেছেন। এ বিভাগে অকৃতকার্য হয়েছেন আটজন এবং জিপিএ-৫ পেয়েছেন ২১ জন।

এদিকে, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সে হিসাবে এক বছরের ব্যবধানে সার্বিক পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ।

শনিবার বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ফল প্রকাশের পরপরই শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে ফলাফল জানতে পারেন।


আর্কাইভ