নিপীড়িত জাতিসমূহকে এক হওয়ার আহ্বান জানান উদীচী

নিজস্ব প্রতিবেদক : বুধবার , ০৩ মে ২০২৩

দুনিয়ার মজদুরকে ঐক্যবদ্ধ এবং নিপীড়িত জাতিসমূহকে এক হওয়ার আহ্বান জানিয়ে শ্রমজীবী মানুষদের অধিকার আদায়ের সংগ্রামের গৌরবোজ্জ্বল দিন, মহান মে দিবস পালন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। দিবসটি উপলক্ষে এবার রাজধানীর মিরপুরে যৌথভাবে অনুষ্ঠান আয়োজন করে উদীচীসহ কয়েকটি সংগঠন। ০১ মে বিকাল ৪টায় মিরপুর ১০ নম্বরে সেনাপাড়া পর্বতার ভিশন মোড়ে, এ অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। উীদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ঢাকা মহানগর উত্তর কমিটির নেতা ডা. সাজেদুল হক রুবেল, গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি ইদ্রিস আলী, সিপিবি কাফরুল শাখার সভাপতি আলী কাওসার মামুন,  যুব ইউনিয়ন কাফরুল শাখার সভাপতি খন্দকার হিরা, ট্রেড ইউনিয়ন কেন্দ্র কাফরুল থানার সংগঠক মোহাম্মদ রাজা প্রমুখ। এ অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন কারখানার শ্রমিক এবং সংস্কৃতি ও রাজনৈতিক কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

 

আলোচনা পর্বের পর সাংস্কৃতিক পরিবেশনা পর্বে দলীয় ও একক সঙ্গীত, বৃন্দ আবৃত্তি এবং নৃত্য পরিবেশন করেন উদীচী কেন্দ্রীয় সংসদ ও কাফরুল শাখা সংসদের শিল্পী-কর্মীরা। এছাড়া, অনুষ্ঠানে প্রথমবারের মতো মঞ্চায়িত হয় উদীচীর নতুন নাটক "আওয়াজ"। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, নাট্যজন অধ্যাপক ড. রতন সিদ্দিকী।


আর্কাইভ