মোঃ লুৎফর রহমান, মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে হেরোইন সেবনের অপরাধে মোঃ আশিক (২৩) নামের এক যুবককে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) দুপুর দেড়টার দিকে সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ইউনিয়নের শেখড়ীনগর (মধ্যপাড়া) গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
সাজাপ্রাপ্ত আশিক ওই গ্রামের বাসিন্দা।
আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ জেলা কার্যালয়, মানিকগঞ্জের উপপরিদর্শক মোরশেদ আলম ওই বসতবাড়িতে হেরোইন সেবনের সুনির্দিষ্ট অভিযোগ দাখিল করেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সাটুরিয়া উপজেলা প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তের মাতা রেবেকা বেগম (৫০) ও স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারণির ১৬ ধারায় আসামিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ডের আদেশ দেন।
অভিযান পরিচালনাকালে আসামির নিকট থেকে হেরোইন সেবনের সরঞ্জাম হিসেবে একটি ম্যাচলাইট, ১০ টাকার মোড়ানো ১টি নোট, ১ পিস রাংতা এবং ১টি বোতলের ক্যাপ রাষ্ট্রের অনুকূলে জব্দ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মানিকগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ এবং সাটুরিয়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম জানান, সাটুরিয়া উপজেলাকে মাদকমুক্ত রাখতে উপজেলা প্রশাসনের এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।