মো. লুৎফর রহমান, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওর উপজেলায় মানসিক হতাশাগ্রস্ত হয়ে গলায় রশি পেঁচিয়ে মোঃ রাসেল মিয়া (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভোররাত আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে উপজেলার বড়টিয়া ইউনিয়নের ফুলহারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাসেল মিয়া ওই গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মানসিক কষ্টে ভুগছিলেন রাসেল মিয়া। মঙ্গলবার ভোরে তিনি প্রথম নিজ বাড়ির একটি গাছে রশি দিয়ে গলায় ফাঁস নেন। সে সময় তার বড় ভাই তাকে দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে রশি কেটে গাছ থেকে উদ্ধার করেন। পরবর্তীতে ভোররাতের কোনো এক সময় রাসেল পরিবারের নজর এড়িয়ে বাড়ি থেকে বের হয়ে যান। পরে সকালে বাজার করে ফেরার পথে লিটন নামের এক পথচারী ফুলহারা গ্রামের সায়েদুর শিকদারের একটি মেহগনি গাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে ঘিওর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
ঘিওর থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।