মানিকগঞ্জে পর্যটন সার্কিট গঠনে স্টেকহোল্ডার কনসালটেশন সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : বুধবার , ১১ নভেম্বর ২০২৬

​​মোঃ লুৎফর রহমান, মানিকগঞ্জ: ​“জেলা ভিত্তিক পর্যটন সার্কিট গঠন, উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প”-এর আওতায় মানিকগঞ্জে একটি গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার কনসালটেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে এবং সাটুরিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

 

​বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় সাটুরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিস সালমা সিদ্দিকা মাহাতাব, এনডিসি। সাটুরিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তারের সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়।

 

​প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব মিস সালমা সিদ্দিকা মাহাতাব বলেন, "মানিকগঞ্জ ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ একটি অঞ্চল। এখানকার ঐতিহ্যবাহী বালিয়াটি জমিদার বাড়িসহ সম্ভাব্য পর্যটন স্থানগুলোকে সমন্বিত পরিকল্পনার আওতায় এনে একটি আকর্ষণীয় পর্যটন সার্কিট হিসেবে গড়ে তোলা হবে। এর ফলে স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।"

 

​সভায় স্বাগত বক্তব্য দেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (বিপণন, পরিকল্পনা ও জনসংযোগ) ও যুগ্মসচিব আবু সেলিম মাহমুদ-উল হাসান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুহাম্মদ আবদুর রউফ মিয়া।

 

​সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, "জেলা ভিত্তিক পর্যটন সার্কিট গঠন প্রকল্প মানিকগঞ্জের পর্যটন সম্ভাবনাকে বিকশিত করার একটি প্রশংসনীয় উদ্যোগ। ঐতিহাসিক ও প্রাকৃতিক স্থানগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা এবং আধুনিক পর্যটন সুবিধা নিশ্চিত করতে জেলা প্রশাসন সার্বিক সহযোগিতা প্রদান করবে।"

 

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পরিকল্পনা-২ শাখার সিনিয়র সহকারী সচিব বিবি করিমুন্নেছা, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. মোছাঃ নাহিদ সুলতানা, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক মো: মাজহারুল ইসলাম, সাটুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: মাহমুদুল ইসলাম, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশারফ হোসেন, সাটুরিয়া উপজেলা প্রকৌশলী মো. আব্দুল আজিজ, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইউসুফ হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মাকসুদ হোসেন এবং বিএনপি সাটুরিয়া উপজেলার সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় ইউপি চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা।

 

​এর আগে সভা শুরুর পূর্বে প্রধান অতিথি অতিরিক্ত সচিব মিস সালমা সিদ্দিকা মাহাতাব ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি ঘুরে দেখেন এবং এর সঠিক সংরক্ষণ ও পর্যটনবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

 

​পরে স্থানীয় বালিয়াটি জমিদার বাড়ি কেন্দ্রিক প্রশ্ন, পর্যালোচনা, পরামর্শ ও নির্দেশনামূলক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বালিয়াটি জমিদার বাড়ির ভেতরে একটি ক্যাফেটেরিয়া বা কেন্টিন স্থাপন, আশেপাশের পুকুরগুলোতে বিনোদনমূলক প্রকল্প গ্রহণ, ঢাকা থেকে বালিয়াটিতে যাতায়াতের যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং ডিসি পার্ককে আরও আধুনিক ও উন্নত করার ওপর জোরালো দাবি জানান।


আর্কাইভ