৫২ কেজি ওজনের কাঁঠাল

নিজস্ব প্রতিবেদক : বুধবার , ০২ আগষ্ট ২০২৩

বগুড়ায় ৫২ কেজির ওজনের কাঁঠালকে ঘিরে গত দুই দিন ধরে ছিল ক্রেতা আর উৎসুক মানুষের ভিড়। অবশেষে ফলটি বি‌ক্রি হলো ১ হাজার টাকায়।

 

বুধবার (২ আগস্ট) দুপু‌রে সদর উপজেলার মহিষবাতান গ্রামের উদ্যোক্তা ও সমাজ উন্নয়নকর্মী আলফাজ উদ্দিন কাঁঠাল‌টি কিনে নেন। ফলটি সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের মহিষবাতান গ্রামের আবু বকর সিদ্দিকের গাছে ধরে।  

কাঁঠাল পাকলে মাইকে প্রচার করে সবাইকে খাওয়ানো হবে বলে জানিয়েছেন ক্রেতা। একই সঙ্গে বীজ থেকে চারা উৎপাদন করে তা ছড়িয়ে দেওয়ার ঘোষণা দেন তিনি।

কাঁঠাল গাছের মালিক আবু বক্কর সিদ্দিক বলেন, ‘আমরা কাঁঠাল খেয়ে বীজ ফেলেছিলাম। বছর দশেক পর প্রথম কাঁঠাল ধরে। এ বছর দুটি কাঁঠাল ধরে, এর মধ্যে ছোট আকারের ফলটি বাড়িতে সবাই মিলে খেয়েছি। আর ৫২ কেজির বড় কাঁঠালটা ১ হাজার টাকায় বিক্রি করি।’

কাঁঠালের ক্রেতা আলফাজ উদ্দিন বলেন, ‘আমি ১ হাজার টাকায় কাঁঠাল কিনেছি। কাঁঠাল পাকলে এলাকায় মাইকে ঘোষণা দিয়ে সবাইকে আমন্ত্রণ জানানো হবে। এ ছাড়াও ফলের বীজ দিয়ে চারা উৎপাদন করে তা ছড়িয়ে দেওয়া হবে।’


আর্কাইভ