লিটন সরকার বাদল, দাউদকান্দি, কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন, এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত আনুমানিক ৩টা ১০ মিনিটের দিকে দাউদকান্দি থানার হাসানপুর এলাকায় চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার খালিবপুর গ্রামের আজাদের ছেলে
মোহাম্মদ আফজাল হোসেন (৩৫), আলম মিয়ার ছেলে সোহরাব হোসেন (৪০) , ফজলুর রহমানের ছেলে সালেক (৪৫), একই জেলার বিরামপুর উপজেলার ভাইঘর গ্রামের পলাশ মিয়ার ছেলে সুমন (২১), মজিরুল ইসলামের ছেলে আবু হোসেন (৩০), একই গ্রামের বাসিন্দা বিষু মিয়া (৩৫) এবং রকিবুল্লার ছেলে আব্দুর রশিদ(৫৫)। আহত ৬ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছে
পুলিশ জানায়, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপর থাকা ১৩ জন যাত্রী ট্রাকের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই ৭ জন পুরুষের মৃত্যু হয় এবং আহত হন আরও ৬ জন।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ চালায় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
নিহতদের মরদেহ দাউদকান্দি হাইওয়ে থানায় রয়েছে এবং ফায়ার সার্ভিসের সহযোগীতায় দূর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
এই বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইকবাল বাহার জানান, ভোররাতে এই দূর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।