পেকুয়ায় ৯৩১জন জেলে মাঝে ভিজিএফের চাল বিতরণ

নিজস্ব প্রতিবেদক : রবিবার , ১৯ এপ্রিল ২০২৬

এম.জুবাইদ,পেকুয়া(কক্সবাজার) :   কক্সবাজারের পেকুয়ার মগনামা ইউপির তালিকাভুক্ত ৯৩১ জন জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। 

 

রবিবার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা বুলবুল আহমদ এ কার্যক্রমের উদ্বোধন করেন। সরকারি এই সহায়তা কর্মসূচির আওতায় সামুদ্রিক মাছ আহরণে নিষেধাজ্ঞার সময় জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এসব খাদ্যশস্য বিতরণ করা হয়। প্রতিজন জেলেকে ৭৫ কেজি করে চাল প্রদান করা হয়।

 

ইউপি চেয়ারম্যান ইউনুচ চৌধুরী বলেন, সরকারী ভাবে সাগরে মৎস্য আহরণ বন্ধ রয়েছ। সাগরে মৎস্য আহরণে বিরত থাকা নিবন্ধিত ও তালিকাভুক্ত জেলে পরিবারের মাঝে পর্যায়ক্রমে সরকারের সহায়তা খাদ্যশস্য (ভিজিএফ) এর চাল বিরতণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে সরকার নির্ধারিত ৭৫ কেজি করে চাল দেওয়া হয়, যাতে মাছ ধরায় বিরত থাকা অবস্থায় তাদের পরিবার-পরিজনের নিত্যপ্রয়োজনীয় খাদ্য চাহিদা পূরণ হয়।

 

স্থানীয় জেলে মুহাম্মদ জুনায়েদ  বলেন, মাছ ধরায় নিষেধাজ্ঞার সময় এ ধরনের খাদ্য সহায়তা তাদের জন্য অনেক উপকারী। এতে পরিবার নিয়ে কিছুটা স্বস্তিতে থাকা যায়।
চাল নিতে আসা হামিদা বেগম নামের এক মহিলা বলেন, স্বামী মহিউদ্দিনের নামে জেলে কার্ড আছে। লবণ মাঠে কাজ করার কারণে তিনি আসতে পারেনি। এজন্য আমি নিজেই চাল নিতে আসছি। সরকারের এ সহায়তা আমাদের অনেক উপকার হবে। 

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দু রাজ্জাক বলেন, সুষ্ঠু ও স্বচ্ছভাবে তালিকাভুক্ত প্রকৃত জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, প্যনেল চেয়ারম্যান বদিউল আলম, ইউপি সদস্য আমির উদ্দিন, মোকতার আহমদ, কাসেম উদ্দিন,

 নজরুল ইসলাম,  ছরওয়ার উদ্দিন, মহিউদ্দিন, মনোয়ারা বেগম, আন্জুমান আরা ও সুমি আক্তার। 


আর্কাইভ