শাহীন গোলদার, সাতক্ষীরা প্রতিনিধি: ভারতে পাচারের সময় সাতক্ষীরার বাঁকাল চেকপোষ্ট এলাকা থেকে ৭টি স্বর্ণের বার উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবির) সদস্যরা। এসময় কোন চোরাকারবারিকে আটক করতে পারেনি। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৮১৬ গ্রাম যার মূল্য ৬৮ লাখ টাকা।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক জানান, বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন, সাতক্ষীরা গাজীপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচার হবে। উক্ত তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক, পিএসসি, জি এর নেতৃত্বে বাঁকাল চেকপোষ্টের একটি চৌকষ আভিযানিক দল আলীপুর ইট ভাটা সংলগ্ন এলাকায় গোপনে অবস্থান করে। এ সময় চোরাকারবারীরা মোটর সাইকেলযোগে বর্ণিত এলাকায় আগমনের পর বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মোটর সাইকেল রেখে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল চোরাকারবারীদের ফেলে যাওয়া মোটর সাইকেল তল্লাশী করে ৭টি স্বর্ণের বার উদ্ধার করে । উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৮১৬ গ্রাম। যার বাজার মূল্য ৬৮ লক্ষ ৭৭৮ টাকা।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের ও স্বর্ণের বার গুলো ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ##