কুবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, জড়িতদের শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক : শনিবার , ৩১ মে ২০২৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মরত সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতা-কর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমাজ। বৃহস্পতিবার (২৯ মে) এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন সাংবাদিকরা।

 

স্মারকলিপিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত কনসার্ট চলাকালে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকরা হামলার শিকার হন। অভিযোগে উল্লেখ করা হয়, সংঘর্ষে জড়িত দুই জনকে আশ্রয় দিয়ে নিরাপদে সরিয়ে দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ। এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি দৈনিক কালবেলার প্রতিনিধি আবু শামাকে ধাক্কা দেন। এরপর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত সজল সাংবাদিকদের ধাক্কাতে ধাক্কাতে পেছনে নিয়ে যান। এসময় “সাংবাদিকদের আগে মারো” স্লোগান তুলে সাংবাদিকদের গোলচত্বরের দিকে হঠিয়ে নেয় ২০-২৫ জনের একটি দল। তাদের মধ্যে ছিলেন ছাত্রদলের কর্মী সাইফুল মালেক আকাশ (বাংলা-১৫), জহিরুল ইসলাম জয় (ইংরেজি-১৬) এবং মার্কেটিং বিভাগের শিক্ষার্থী তাওহিদ রহমান সাকিব ও তাহমিদ তাজওয়ার।

 

এ ঘটনায় দৈনিক সংবাদের প্রতিনিধি চৌধুরী মাছাবিহ্, দৈনিক কালবেলার প্রতিনিধি আবু শামা এবং দ্য ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি আকাশ আল মামুন শারীরিকভাবে লাঞ্ছিত হন। ভিডিও ধারণের সময় সাংবাদিক সাইফুল মালেক আকাশ এক সহকর্মীর হাত থেকে মোবাইল ফোনটি ছুড়ে ফেলে দেন বলেও স্মারকলিপিতে অভিযোগ করা হয়।

 

স্মারকলিপিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেখানে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, সেখানে ছাত্রদলের এমন হামলা শুধুমাত্র সাংবাদিকদের ওপর সরাসরি সন্ত্রাসী আচরণ নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও মুক্ত সাংবাদিকতার ওপর বড় বাধা হিসেবেই দেখা হচ্ছে। সাংবাদিকরা দ্রুত তদন্ত ও কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম বলেন, “আমরা স্মারকলিপি পেয়েছি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখব এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।”


আর্কাইভ