ঘিওরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক : রবিবার , ২২ নভেম্বর ২০২৬

মো. লুৎফর রহমান, ​প্রতিনিধি, মানিকগঞ্জ:  মানিকগঞ্জের ঘিওর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার পর নিজের গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন স্বামী সজীব মিয়া (৩০)। গত শনিবার (২১ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার বালিয়াখোড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

​নিহত গৃহবধূর নাম উর্মি আক্তার (২২)। গুরুতর আহত অবস্থায় সজীব মিয়া মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

​স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে পারিবারিক কলহের একপর্যায়ে স্ত্রী উর্মি আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন সজীব। উর্মির আর্তচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাঁদের রক্ষার চেষ্টা করেন। প্রতিবেশীদের উপস্থিতিতেই সজীব নিজের গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা চালান।

​পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে দ্রুত মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উর্মি আক্তারকে মৃত ঘোষণা করেন। বর্তমানে সজীব মিয়া ওই হাসপাতালেই পুলিশি নজরদারিতে চিকিৎসাধীন।

 

​ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান , নিহত উর্মি আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামী সজীব মিয়া একই হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি। 


আর্কাইভ