মো. লুৎফর রহমান, প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা ভূমি অফিসের ফটকের সামনে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। তবে আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা ভূমি অফিসের ফটকের সামনে সামান্য আগুন লেগেছিল। কিছুক্ষণের মধ্যেই তা নিভে যায়। নিরাপত্তাকর্মী মানু তাৎক্ষণিকভাবে তাঁকে বিষয়টি জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে জেলার বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। ভূমি অফিসের ফটকের সামনে আগুন দেওয়ার ঘটনায়ও তাদের সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয় কয়েকজন। তবে এ বিষয়ে কোনো সংশ্লিষ্টতার সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বলেন, উপজেলা ভূমি অফিসে আগুন লাগার বিষয়ে তিনি আগে অবগত ছিলেন না। সাংবাদিকের কাছ থেকেই প্রথম বিষয়টি শুনেছেন। ঘটনাস্থলে গিয়ে খোঁজ নেওয়া হবে। মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী বলেন, দৌলতপুর উপজেলা ভূমি অফিসে অগ্নিকাণ্ডের বিষয়টি তাঁকে জানানো হয়েছে। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সম্মিলিতভাবে কাজ অব্যাহত থাকবে। উল্লেখ্য, একই রাতে রাত সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ঠাটাঙ্গা এলাকায় আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে পার্কিং করে রাখা একটি বাসেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।