মো. লুৎফর রহমান, মানিকগঞ্জ: বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস) মানিকগঞ্জ জেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচনে দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার মতিউর রহমান সভাপতি এবং এটিএন বাংলার জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম সুজন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আগামী তিন বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবে।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে সমিতির ত্রিবার্ষিক সাধারণ সভা ও প্রেসক্লাবে নির্বাচন অনুষ্ঠিত হয়।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সহ-সভাপতি মনিরুল ইসলাম মিহির (একাত্তর টেলিভিশন), যুগ্ম সম্পাদক সাজিদুর রহমান রাসেল (বাংলানিউজটোয়েন্টিফোর.কম), সহ-সম্পাদক রামপ্রসাদ সরকার দিপু (দৈনিক সংবাদ, ঘিওর প্রতিনিধি) ও আরফিন আহমেদ আপেল (চ্যানেল নাইন), সাংগঠনিক সম্পাদক সোহেল হোসেন (দৈনিক আগামীর সময়), কোষাধ্যক্ষ রানা পারভেজ (বাংলা টিভি) এবং সমাজসেবা সম্পাদক আফ্রিদি আহাম্মেদ (আরটিভি)। এছাড়া কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন রিপন আনসারী (গাজী টিভি ও দৈনিক মানবজমিন), জাহাঙ্গীর আলম (দৈনিক সমকাল, সাটুরিয়া প্রতিনিধি) এবং আবুল বাসার আব্বাসী (দৈনিক বাংলাদেশের সময়)।
এর আগে দুপুরে ত্রিবার্ষিক সাধারণ সভার উদ্বোধন করেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ছারোয়ার ছানু।
মানিকগঞ্জ জেলা শাখার বিদায়ী সভাপতি মানবেন্দ্র চক্রবর্তীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহানুর ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবুল, অর্থ বিষয়ক সম্পাদক ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, কেন্দ্রীয় কার্যকরী সদস্য ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস এবং কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক খোরশিদুল আলম মজিব।
আলোচনা সভা শেষে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং সাড়ে ৫টায় ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি গাজী ওয়াজেদ আলম লাভলু এবং নির্বাচন কমিশনার হিসেবে ‘তারুণ্যের কথা’ পত্রিকার সম্পাদক খন্দকার সুজন হোসেন ও দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি জাহিদুল হক চন্দন দায়িত্ব পালন করেন।
নবনির্বাচিত সভাপতি মতিউর রহমান বলেন, "সবাইকে সঙ্গে নিয়ে সমিতির কার্যক্রম আরও গতিশীল করা হবে। লেখনীর মাধ্যমে জেলার সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা, উন্নয়ন ও সম্ভাবনার চিত্র তুলে ধরার পাশাপাশি অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আমরা কাজ করব।"
সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সুজন বলেন, "নতুন নেতৃত্ব ও সদস্যদের নিয়ে মানিকগঞ্জ জেলা শাখাকে একটি মডেল সংগঠন হিসেবে গড়ে তোলা হবে। সাংবাদিকদের পেশাগত অধিকার আদায়ের পাশাপাশি সামাজিক ও মানবিক কাজেও এই সংগঠন ভূমিকা রাখবে।"