ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন (ডুমা) আয়োজিত ৩-দিনব্যাপী ‘৬ষ্ঠ আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব’ গতকাল ৭ জুলাই ২০২৫ সোমবার শেষ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা গতকাল সন্ধ্যায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের সভাপতি উবাইদুল্লাহ রিদওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় নৃত্যকলা বিভাগের চেয়ারপার্সন তামান্না রহমান, বাংলাদেশ মাইম ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম, গবেষক ও শিক্ষাবিদ ড. মাহদী আমিন, ডুমা’র প্রতিষ্ঠাতা সভাপতি মীর লোকমান এবং সাধারণ সম্পাদক মুন্না আলী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, মূকাভিনয় শিল্প সমাজের নানা অসংগতি তুলে ধরে। জুলাই ছাত্র-জনতার আন্দোলনে বিভিন্ন পথনাটক ও মূকাভিনয়ের মাধ্যমে সমাজের নানা অনিয়ম ও অন্যায় তুলে ধরা হয়। বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে এই শিল্প কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উৎসব উপলক্ষ্যে প্রকাশিত ম্যাগাজিন ‘নৈশব্দ’-এর মোড়ক উন্মোচন করা হয়। ৩-দিনব্যাপী এই উৎসবে ডেনমার্ক, দক্ষিণ কোরিয়া, তুরস্ক ও ভারতের মূকাভিনয় শিল্পী ড্যানি ডেনিস, জুংহুং লি, কিম বং সিউক, নিরঞ্জন গোস্বামী, ইলকার, লি জুং হুন ও পিকপিক পারফর্ম করেন। বাংলাদেশের প্লাটফর্ম ২৫, মূকবলাকা, শাওন মাইম একাডেমি, শাহজালাল সিদ্দিক শরন, দা মামারস, টুটুল, মুস্তাহিদ রিয়াদ, জান্নাতুল ফেরদাউস স্নিগ্ধা,নাট্যতরী, গোল্লাছুট, মাইম ট্রি, মাইমোটেলসসহ বেশ কয়েকটি দল অংশগ্রহণ করে। মূকাভিনয় প্রদর্শনীর পাশাপাশি মূকাভিনয় প্রতিযোগিতা, পোস্টার প্রদর্শনী, কর্মশালা, সেমিনার ও মুক্ত আলোচনা নিয়ে অনুষ্ঠিত হয় এই উৎসব। মূকাভিনয় প্রতিযোগিতায় মাশিয়াত দিহান বহ্নি প্রথম স্থান, জান্নাতুল ফেরদাউস স্নিগ্ধা দ্বিতীয় স্থান এবং আব্দুল্লাহ ও সাব্বির আহমেদ যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করে।