ঢাকা (১ সেপ্টেম্বর ২০২৫) বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)-এর রিসার্চ সেমিনার-৪৮ আজ ১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ ইন্সটিটিউটের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে “Corporate Resource Efficiency and Environmental Performance in Bangladesh: Measures, Evaluation and Management for Sustainable Development”- শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ রেজাউল করিম।
ইন্সটিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট (ভারপ্রাপ্ত) জনাব নাজমুছ সালেহীন-এর সভাপতিত্বে আয়োজিত উক্ত সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার নিউক্যাসল বিজনেস স্কুল-এর মাস্টার অব প্রোফেশনাল অ্যাকাউন্টিং (এমপিএসি)-এর প্রোগ্রাম ডিরেক্টর ও সিনিয়র লেকচারার ড. সুদীপ্ত বোস এবং সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ এনামুল হক।
আলোচকগণ অনলাইনে যুক্ত থেকে রিসার্চ সেমিনারে উপস্থাপনার বিভিন্ন দিক নিয়ে পুঙ্খানুপুঙ্খু আলোচনা করেন। রিসার্চ সেমিনারটি সঞ্চালনা করেন ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক (চলতি দায়িত্ব) জনাব ফয়সাল আহমেদ খান।
জনাব মোঃ রেজাউল করিম-এর সাথে আলোচ্য গবেষণা প্রবন্ধটির সহযোগী লেখক হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক ড. সুবোধ দেবনাথ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রোফেশনালস (বিইউপি)-এর অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক রতন ঘোষ ও বিআইসিএম-এর প্রভাষক জনাব গৌরব রায়।