খাগড়াছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সদস্যকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার , ০৭ মে ২০২৬

আশরাফুল আলম, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-গণতান্ত্রিক) এক সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ মে) ভোরে উপজেলার ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. ইমন হোসেন (২৫) পানছড়ি উপজেলার মোহাম্মদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর সক্রিয় সদস্য ছিলেন বলে সংগঠনটির দাবি।


স্থানীয় সূত্রে জানা যায়, ভোর প্রায় ৬টার দিকে ইসলামপুর এলাকার একটি স’মিলের সামনে অবস্থান করছিলেন ইমন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইউপিডিএফ (গণতান্ত্রিক) পানছড়ি উপজেলা শাখার সহকারী পরিচালক বিকাশ ত্রিপুরা অভিযোগ করে বলেন, সকালে সাংগঠনিক কাজে বের হলে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের সন্ত্রাসীরা ইমনকে গুলি করে হত্যা করে।

তবে এ অভিযোগের বিষয়ে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।


আর্কাইভ