জাহাঙ্গীর রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)-এর আয়োজনে ‘অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি’ (প্রভাতী) প্রকল্পের অধীনে এক সচেতনতা ও কারিগরি বিষয়ক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।
ডিমলা উপজেলা প্রকৌশলী, সদ্য নির্বাহী পদে পদোন্নতি প্রাপ্ত মোঃ সোহেল রানা'র দিকনির্দেশনায় দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিটি উপজেলার ৮নং ঝুনাগাছ চাপানী ইউনিয়নের চাপানী হাট উন্নয়নের লক্ষ্যে এলসিএস গ্রুপ-০১ এর সদস্যদের নিয়ে আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন নীলফামারী জেলা এলজিইডি-র নির্বাহী প্রকৌশলী মোঃ ফিরোজ হাসান। উদ্বোধনী বক্তব্যে তিনি স্থানীয় অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে এলসিএস গ্রুপের দক্ষতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন এবং প্রকল্পের লক্ষ্য বাস্তবায়নে সকলকে আন্তরিক হওয়ার আহ্বান জানান।
ডিমলা উপজেলা লাইভলিহুড এলসিএস মনিটরিং অফিসার খন্দকার আব্দুর রাজ্জাকের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাতী প্রকল্পের জেলা মার্কেট সুপারভিশন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন এবং উপজেলা সহকারী মাঠ প্রকৌশলী মোঃ আবু রায়হান আবির।
প্রশিক্ষণে এলসিএস গ্রুপের সদস্যদের হাট উন্নয়নের কারিগরি দিক, সচেতনতা বৃদ্ধি এবং রক্ষণাবেক্ষণ কাজের বিভিন্ন কলাকৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। সংশ্লিষ্টরা আশা করছেন, এই প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাজের দক্ষতা বাড়বে এবং অবকাঠামো উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।