বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (BNF) অর্থায়নে এবং নারী উন্নয়ন শক্তি (NUS)-এর আয়োজনে ১–২ আগস্ট ২০২৬ তারিখে "ক্ষুদ্র ব্যবসা ব্যবস্থাপনা ও সফল উদ্যোক্তা উন্নয়ন" শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সফল সমাপ্তি হয়েছে।
২ আগস্ট ২০২৬, রবিবার ঢাকার খিলগাঁওয়ের ৩০২/বি, সিপাহীবাগ বাজার (পূবালী ব্যাংকের উপরে, ৪র্থ তলা) প্রশিক্ষণ কেন্দ্রে সমাপনী ও ব্যবসায়ী পুঁজি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহজাহান, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (BNF), ঢাকা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. আফরোজা প্রাভিন, নির্বাহী পরিচালক, নারী উন্নয়ন শক্তি (NUS)।
এই প্রশিক্ষণ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল স্বল্পশিক্ষিত, নিম্ন আয়ের ও সম্ভাবনাময় নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক জ্ঞান, ব্যবস্থাপনা দক্ষতা, আর্থিক পরিকল্পনা, বাজার বিশ্লেষণ এবং উদ্যোক্তা সক্ষমতা বৃদ্ধি করা, যাতে তারা আত্মকর্মসংস্থানের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম হন।
প্রশিক্ষণ শেষে নির্বাচিত ১৮ জন নারীকে ব্যবসায়িক পুঁজি প্রদান করা হয়, যার মাধ্যমে তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এই ১৮ জন নারী নিজ নিজ ক্ষুদ্র ব্যবসা পরিচালনার মাধ্যমে আয় বৃদ্ধি, পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।
বক্তারা বলেন, নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ নারী উদ্যোক্তাদের আত্মনির্ভরশীল করে তুলতে এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।