কলমাকান্দায় ক্ষতিগ্রস্ত কৃষক-বর্গাচাষীদের ক্ষতিপূরনের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক : রবিবার , ২৪ মে ২০২৬

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নিম্নাঞ্চলের ধানক্ষেত পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত কৃষক ও বর্গাচাষীদের যথাযথ ক্ষতিপূরণ এবং বিভিন্ন দাবি জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ কৃষক সমিতি ও বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, কলমাকান্দা উপজেলা কমিটি।

 

রবিবার (২৪ মে) দুপুরে  উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ স্মারকলিপি পাঠানো হয়।

 

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সম্প্রতি অতিবৃষ্টি ও হাওরাঞ্চলের পানি বৃদ্ধির কারণে কলমাকান্দার নিম্নাঞ্চলের বিস্তীর্ণ ধানক্ষেত পানিতে তলিয়ে গেছে। এতে কৃষক ও বর্গাচাষীরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। বিশেষ করে যারা নগদ টাকা দিয়ে জমি লিজ নিয়ে চাষাবাদ করেছেন, তাদের দুর্ভোগ আরও বেড়েছে।

 

নেতৃবৃন্দ বলেন, একফসলি ধানের ওপর উপজেলার হাজারো পরিবার নির্ভরশীল। এই ধানই তাদের সারা বছরের খাদ্য ও অর্থনৈতিক ভরসা। কৃষকরা ঋণ ও বাকিতে কৃষি উপকরণ কিনে চাষাবাদ করলেও ফসল নষ্ট হওয়ায় তারা এখন ঋণ পরিশোধে অক্ষম হয়ে পড়েছেন। অনেকেই পরিবার নিয়ে মানবেতর জীবনযাপনের শঙ্কায় রয়েছেন।

স্মারকলিপিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন করে আগামী ফসল ওঠা পর্যন্ত সহায়তা প্রদান, ব্যাংক ঋণ মওকুফ, এনজিও’র কিস্তি আদায় স্থগিত, স্বল্পসুদে নতুন ঋণ প্রদান, হাওর অঞ্চলের বিল-খাল-নদী খনন, টেকসই ফসল রক্ষা বাঁধ নির্মাণ, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং ত্রাণ কার্যক্রমে অনিয়ম-দুর্নীতি বন্ধের দাবি জানানো হয়।

এছাড়া হাওর ও খাস জলাশয়ের ইজারা বাতিল করে প্রকৃত মৎস্যজীবী সমিতির মধ্যে বরাদ্দ প্রদান এবং কৃষি উপকরণ ও মানসম্মত বীজ-সার সময়মতো সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

 

স্মারকলিপিতে স্বাক্ষর করেন বাংলাদেশ কৃষক সমিতি কলমাকান্দা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রূপক তালুকদার এবং বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক রঞ্জন সাহা।

 

এসময় উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড সিদ্দিকুর রহমানসহ কৃষক ও গণসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আর্কাইভ