কক্সবাজার সমুদ্রসৈকতের সী-গাল পয়েন্টে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার , ০২ জুন e ২০২৬

চঞ্চল দাশগুপ্ত,কক্সবাজার: কক্সবাজার সমুদ্রসৈকতের সী-গাল পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক মোহাম্মদ আবিরের (১৮) মরদেহ উদ্ধার করেছে লাইফগার্ড ও বিচকর্মীরা। সোমবার (১ জুন) ভোর সাড়ে ৫টার দিকে কক্সবাজারের নাজিরারটেক উপকূল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে রোববার দুপুরে বন্ধুদের সঙ্গে সমুদ্রে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন।নিহত আবির পুরান ঢাকার লালবাগ থানার শহীদনগর এলাকার ইলিয়াস মুন্সীর ছেলে। ঈদুল আজহার ছুটি উপলক্ষে তিনি ঢাকার আরও আট বন্ধুর সঙ্গে কক্সবাজার ভ্রমণে এসেছিলেন।আবিরের স্বজনদের একজন জানান, নিখোঁজ হওয়ার খবর পেয়ে তারা দ্রুত সৈকতে ছুটে আসেন এবং সারারাত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালান।

 

সোমবার ভোরে কয়েকজনকে সঙ্গে নিয়ে নাজিরারটেক উপকূলের দিকে অনুসন্ধানে বের হলে সকাল ৫টা ২৮ মিনিটের দিকে সমুদ্রে ভাসমান অবস্থায় আবিরকে দেখতে পান। পরে তাকে তীরে তুলে রেখে লাইফগার্ড ও প্রশাসনকে খবর দেওয়া হয়।সী সেফ লাইফগার্ড সংস্থার সুপারভাইজার মো. ওসমান গনি জানান, রোববার বেলা সাড়ে ১১টার দিকে লাবণী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি এলাকায় দুই পর্যটক গোসলে নামেন। এ সময় স্রোতের টানে তারা বিপদে পড়লে লাইফগার্ড সদস্যরা একজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। তবে অপর পর্যটক আবির সমুদ্রে তলিয়ে যান।তিনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে লাইফগার্ড সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। রাত প্রায় ৮টা পর্যন্ত ব্যাপক অনুসন্ধান চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে সোমবার সকালে নাজিরারটেক উপকূলে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে স্বজনরা লাইফগার্ডকে অবহিত করেন। এরপর প্রশাসন, বিচ ব্যবস্থাপনা কমিটি ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে বিষয়টি জানানো হয়।

 

পাশাপাশি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরেও যোগাযোগ করা হয়।ওসমান গনি আরও জানান, উদ্ধার হওয়া মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনরা প্রশাসনের সঙ্গে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছেন।কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহিদুল আলম বলেন, মরদেহটি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

জানা গেছে, রোববার সকাল ৭টার দিকে আবির ও তার বন্ধুরা কক্সবাজারে পৌঁছে একটি আবাসিক হোটেলে ওঠেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে সী-গাল পয়েন্ট এলাকায় সমুদ্রে গোসল করতে নামলে প্রবল স্রোতের মধ্যে পড়ে তিনি নিখোঁজ হন। প্রায় ১৮ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।সমুদ্রসৈকতে বেড়াতে আসা পর্যটকদের জন্য নির্ধারিত নিরাপদ জোনে গোসল করা এবং লাইফগার্ডের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।


আর্কাইভ