মানিকগঞ্জে মাদক মামলায় জামিনে কারাগার থেকে বের হওয়ার মাত্র এক মাসের মাথায় আবারও প্রাইভেটকার চুরির অভিযোগে মো. রাসেল মিয়া (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একই সঙ্গে তার কাছ থেকে চুরি যাওয়া প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) দুপুরে ঢাকার ধামরাই উপজেলার জয়পাড়া কালীমন্দির এলাকায় অভিযান চালিয়ে গাড়িসহ তাকে গ্রেপ্তার করা হয়। আটক রাসেল মিয়া মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।
পিবিআই সূত্রের বিবরণ অনুযায়ী, শনিবার রাতে গাড়ির মালিক মহসীন মিয়া মানিকগঞ্জ সদর উপজেলার পালড়া এলাকার একটি গ্যারেজে তার প্রাইভেটকারটি রেখে যান। রোববার ভোরে গাড়ি বের করতে গিয়ে তিনি দেখতে পান গ্যারেজের দরজা ভাঙা এবং ভেতরে গাড়িটি নেই। তাৎক্ষণিকভাবে বিষয়টি পিবিআই মানিকগঞ্জ জেলা কার্যালয়কে জানানো হলে তারা তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত গাড়িটির অবস্থান শনাক্ত করে এবং অভিযান চালিয়ে রাসেলের কাছ থেকে এটি উদ্ধার করে।
পিবিআই মানিকগঞ্জের পুলিশ সুপার জয়িতা শিল্পী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেলের চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে একাধিক চুরি ও অপরাধের মামলা রয়েছে এবং তিনি একাধিকবার কারাভোগ করেছেন। সর্বশেষ একটি মাদক মামলায় প্রায় এক মাস আগে তিনি জামিনে মুক্ত হন।
তিনি আরও জানান, এই চুরি চক্রের সাথে অন্য কোনো সদস্য জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।