সাতক্ষীরার কালিগঞ্জে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২৬

স্টাফ রিপোর্টার,সাতক্ষীরা  

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় আরও দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ইউনিয়নের বরেয়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বরেয়া গ্রামের সোনা সরকারের ছেলে রাজমিস্ত্রি মহানন্দ সরকার (৩৫) ও একই গ্রামের মনি সরদারের ছেলে স্কুলছাত্র আরাফাত সরদার (১৬)। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন গোলাম হোসেন ও জামালউদ্দীন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বরেয়া গ্রামের আরিফুল ইসলামের নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ঢালাইয়ের সেন্টারিং খোলার জন্য ভেতরে নামেন রাজমিস্ত্রি মহানন্দ সরকার। ট্যাংকের ভেতরে অক্সিজেনের স্বল্পতা বা বিষাক্ত গ্যাসের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

দীর্ঘক্ষণ পরও মহানন্দকে ফিরে না পেয়ে এবং ভেতরে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধারের আশায় সেপটিক ট্যাংকে নামেন স্কুলছাত্র আরাফাত সরদার। ভেতরে গিয়ে তিনিও একইভাবে অসুস্থ হয়ে মারা যান।

পরে দুজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে গোলাম হোসেন ও জামালউদ্দীন তাদের উদ্ধার করতে সেপটিক ট্যাংকে নামেন। এ সময় অক্সিজেন সংকটে তারাও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাদের দুজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রাহমান বলেন, ‘সেপটিক ট্যাংকে নেমে দুইজনের মৃত্যুর ঘটনাটি আমরা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।


আর্কাইভ