দুই প্রতিবন্ধী সন্তানকে নিয়ে চরম মানবেতর জীবনে নাসরিন বেগম

নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২৬

​মোঃ লুৎফর রহমান, মানিকগঞ্জ :  ​বেড়াবিহীন টিনের ছাপড়া ঘর, বিদ্যুৎ সংযোগহীন অন্ধকার আর অনাহার-অর্ধাহারে দিন কাটছে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের গর্জনা গ্রামের স্বামী পরিত্যক্তা মা নাসরিন বেগমের। স্বামী জাহিদ হোসেন অন্যত্র বিয়ে করে চলে যাওয়ার পর তার তিন শারীরিক প্রতিবন্ধী সন্তান—বড় মেয়ে জান্নাতুল ফেরদৌস (১৫), মেঝ ছেলে তন্ময় হোসেন (১১) ও ছোট ছেলে নাছির উদ্দিন আদনানকে (৮) নিয়ে চরম বিপাকে পড়েন তিনি। টাকার অভাবে বিনা চিকিৎসায় ও ক্ষুধার যন্ত্রণায় ইতিমধ্যে মারা গেছে বড় মেয়ে জান্নাতুল।

​ক্ষুধা লাগলেই ১১ বছরের তন্ময় হাউমাউ করে কেঁদে নিজের দুহাত কামড়ে ক্ষতবিক্ষত করে ফেলে; প্রতিবেশীরা খাবার দিলে তবেই শান্ত হয়। আর ছোট ছেলে আদনান হাঁটাচলার সময় প্রায়ই ঢলে পড়ে। ভিক্ষাবৃত্তি ও মানুষের কাছ থেকে চেয়েচিন্তে এক বেলা খাবার জোগাড় করেন নাসরিন। সামনে শীতে গরম কাপড় ও কম্বলের অভাবে সন্তানদের কীভাবে রাখবেন, সেই চিন্তায় দিশেহারা তিনি। বকেয়া বিলে এক বছর ধরে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন।

​নাসরিনের দাবি, মা ৭ শতাংশ জমি লিখে দিলেও দুই দিন আগে ভাই সেলিম রেজা জমিটি নিজের নামে লিখে নেওয়ায় তিনি মালিকানা হারান। এখন ভাইয়ের বাড়িতে আশ্রয় নিলেও সামান্য কথা কাটাকাটিতেই বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়। ইউপি সদস্যের কাছে ঘুরেও ভিজিডি, ভিজিএফ, চাল কেনার কার্ড, প্রতিবন্ধী ভাতা বা হুইলচেয়ার পাননি বলে অভিযোগ তার। প্রশাসনের কাছে এক টুকরো জমি, একটি টিনের ঘর ও ভাতার কার্ডের দাবি জানিয়েছেন তিনি।

​এ বিষয়ে গর্জনা ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জুলহাস উদ্দিন বলেন, "পরিবারটি বেশির ভাগ সময় বাড়িতে থাকে না, মাঝেমধ্যে আসে। আমার কাছে কোনো সহায়তা চায়নি। তবে এক প্রতিবন্ধী ছেলের ভাতার জন্য আবেদন করা হয়েছে।"

​বালিয়াটি ইউপি চেয়ারম্যান মো. সোহেল আহম্মদ চৌধুরী জানান, এমন অসহায় প্রতিবন্ধী পরিবারের কথা সংশ্লিষ্ট ইউপি সদস্য তাকে জানাননি; জানালে পরিষদ থেকে সহযোগিতার উদ্যোগ নেওয়া যেত।

​তবে বিষয়টি নজরে আসার পর দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম। তিনি জানান,অসহায়  পরিবারটিকে প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ডসহ জরুরি সহায়তা প্রদানের জন্য ইতিমধ্যে সমাজসেবা কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে। 

 

​এলাকাবাসীর প্রত্যাশা, কেবল আশ্বাসে সীমাবদ্ধ না থেকে দ্রুততম সময়ে এই অসহায় পরিবারটির পাশে দাঁড়াবে প্রশাসন, যাতে ক্ষুধা ও বঞ্চনার অন্ধকার কাটিয়ে কিছুটা স্বস্তি ফিরে পায় প্রতিবন্ধী শিশু দুটি।


আর্কাইভ