মোঃ লুৎফর রহমান , মানিকগঞ্জ: জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অসাধারণ সাফল্য ও কৃতিত্ব অর্জনের স্বীকৃতিস্বরূপ ঢাকা বিভাগের ১৩টি জেলার মধ্যে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন মানিকগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা।
জনপ্রশাসন ও স্থানীয় সরকার ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ এই সেবামূলক কার্যক্রমে গতিশীলতা আনা, নির্ধারিত সময়ের মধ্যে সঠিক ও শতভাগ নিবন্ধনের লক্ষ্যমাত্রা অর্জন এবং ডিজিটাল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তাঁকে অক্টোবর-২০২৬ মাসের এই শ্রেষ্ঠত্বের স্বীকৃতি প্রদান করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা মানিকগঞ্জে যোগদানের পর থেকেই জন্ম ও মৃত্যু নিবন্ধনের সঠিক ডাটাবেজ তৈরি, সাধারণ মানুষের ভোগান্তি হ্রাস এবং ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ে মনিটরিং ব্যবস্থা জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে আসছেন। তাঁর সময়োপযোগী ও কার্যকর দিকনির্দেশনায় জেলাজুড়ে নিবন্ধন কার্যক্রমে অভূতপূর্ব গতি আসে। এর ফলে ঢাকা বিভাগের ১৩টি জেলার মধ্যে সামগ্রিক পারফরম্যান্স মূল্যায়নে মানিকগঞ্জ জেলা শীর্ষস্থান অর্জন করে, যা জেলা প্রশাসন ও স্থানীয় সচেতন মহলে এক আনন্দদায়ক ও গৌরবের আবহ তৈরি করেছে।
এই অর্জনের বিষয়ে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা জানান, “এই সাফল্য কোনো একক ব্যক্তির নয়; এটি জেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী, উপজেলা নির্বাহী অফিসারগণ, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের মাঠপর্যায়ের সকল কর্মীর সম্মিলিত প্রচেষ্টা ও নিষ্ঠার ফসল।” এই স্বীকৃতি ভবিষ্য-তে জনসেবামূলক কাজে আরও বেশি দায়িত্বশীল ও আন্তরিক হতে তাঁকে ও তাঁর টিমকে উৎসাহিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।